তোমার মুখের দিকে চেয়ে
তোমার মুখের দিকে চেয়ে,
বরফ দেশের স্লেজ গাড়ি চলে।
নিচে তাজা মাছ নড়ে,
আমি হারপুন চালাই।
পুরুষের চোখ মাছ-রক্ত ধরে
আনবে না কি হারেমের স্মৃতিগুলো?
তাই ভাবি।
এই মুখ এক জৈব নির্দেশনা।
অন্ধকারে বাতি জ্বলছে, পালঙ্ক ধরে
বেজে চলছে মায়াবী নহবত।
খানসামাদের ছুটি আজ,
স্তব্দ কুঠিজুড়ে তোমার আমার
শুধু আদিম মুহূর্ত।
না হয় এসব বাহাদুরি নাই করলাম।
ধূসর ইজেলে লিখে দিই
মাছ শিকারের আনন্দ মুহূর্ত।
চারদিকে সূর্য ডুবছে, সমুদ্রে
গোত্তা মারছে সিলেরা!
তোমার এ মুখ যেন প্রাচীন সরাইখানা,
যেখানে বিছানা করি আমি, ক্লান্ত মুসাফির।
.png)
0 Comments