সাজ্জাদ সাঈফ
এখানে পলির ধ্বনি, সারারাত স্রোতের আঁচড়
ঘুম পেয়ে মেঘের শিথিল, পেশি-দম, হাওয়া মন্থর;
যেখানে থেমেছি আজ, গতকাল এখানে ছিলাম?
যেন এক মাটির গহনা; আগজন্মে করেছি নিলাম!
মাটি এক শিশুকন্যা, কোলে ধরা মায়ের ভূমিকা!
মুকুন্দ রায়ের গীতি, কোনোদিন আসে ভুসুকুপা;
পাকুড়তলা নির্জন যেন পটে আঁকা গাঁয়ের মতন;
আমি সেই নির্জনতা, বুকে নিয়ে একক জনম
এখানে কবিতা লিখি, বুকে ঢেউ মেঘনা সমান
একা নই চর্যা আছে, খনা ষঢ়ঋতু বাতলান!

0 Comments