কবরে শুয়ে মানুষ কী গান গায়
নিজের আত্মার ওপর আমি (জুতো পায়ে দিয়েই) হাঁটতে হাঁটতে আত্মার লাশের ওপর
বসে পড়ি, ঘাসের মতো জোছনা বিছিয়ে, মাটির পা নিয়ে। দুর্দান্ত আমি মৃত্যুর
গায়ে হলুদের ছোপ রেখে দিই।
মিথ্যামৃত্যুর মায়ায় পড়ে গিয়ে,
ভুলে গেছি কবরের ভেতর একা একজন মানুষ শুয়ে শুয়ে কোন গানটি গেয়ে চলে ঘুম ভেঙে
গেলে, মৃত্যু ভেঙে গেলে।
আর একটু হেঁটে গেলেই গভীরের দিকে,
সত্যমৃত্যু ধরা দেবে বুকে,
অথচ, ক্লান্তির দোহাই দিয়ে বসেই থাকি শরীর কাটা ঘরের ভেতর, আত্মাকাটা ঘরের ভেতর।
শুদ্ধভাবে হাসতেও পারি না, কাঁদতেও
অদ্ভুত এক অবস্থার হাতে পড়েছি আমি
কাঁদতে গেলেই ভেতর থেকে কে যেন হেসে ওঠে,
চোখ থেকে জল গড়িয়ে পড়তে দেখে হাসে
আর হাসতে গেলেই ভেতর থেকে কে যেন কেঁদে ওঠে
করুণ সুরে।
আমি শুদ্ধভাবে কাঁদতে পারি না, আমি শুদ্ধভাবে
হাসতে পারি না।
যা আমি নিই এবং যা দিই
মানুষের কাছে থেকে আমি আকাশের সমান নিই
আর মানুষকে আমি সূর্যের সমান দিই
অর্থাৎ,
মানুষের কাছে আমি বৃক্ষের সমান নিই
আর মানুষকে আমি ফলের সমান দিই
অর্থাৎ,
মানুষকে আমি আমার সমান দিই
মানুষের কাছে আমি সমস্ত মানুষের সমান নিই
সংবাদপত্রভোজি
প্রত্যেক মানুষের কপালের ভেতর একটা করে আকাশ আছে যা আকাশের চেয়ে বড়ো।
প্রত্যেক মানুষের চোখের ভেতর একটা করে সমুদ্র আছে যা সমুদ্রের চেয়ে বড়ো।
আমরা সংবাদপত্রভোজী, রোজ ভোরে সংবাদপত্র ভোজ করি।
এরপর দুপুর হলে বিকেল হলে, রাত হলে আমরা পরের দিনের সংবাদপত্রে বসতগড়ি।
ভোর হলে অন্যরা এ সংবাদপত্র খায়।
বাতাসের সুতো দিয়ে কেউ কেউ শাড়ি তৈরি করে।
আমাদের শরীর তারা দেখে যাদের চোখে আলোর পর্দা ঝোলানো।
আগুনের সুতো দিয়ে তৈরি কারো কারো শাড়ি
তাদের শরীরের দুর্গন্ধে বমি হবার কারণ বোনা আছে।
হৃৎপি-টা রক্তের পাখি।
রক্তগুলো সাপের মতো জীবন্ত।
রক্তের ভাঁজে ভাঁজে বিষের স্তর। বিষের ভাঁজে ভাঁজে রঙিন সুতো।
এসব সুতোয় বোনা পোশাক পরে থাকে মানুষ।
একজন মানুষ আর একজন মানুষের রক্ত হতে তৈরি সুতোয় বোনা পোশাক পরে হেসে খেলে
বেড়ায়।
মাটির দুধ খেয়ে
মাটির দুধ খেয়ে খেয়ে মানুষ হেঁটে বেড়াচ্ছি আকাশের তারার গায়ে পা ফেলে ফেলে আর
জীবনের বেদভেদ হয়ে গেছে কাঁচের বয়ামে।
বেহেস্তের তাড়া খেয়ে মৃত পথের নৃত্য ছুঁয়ে, মৃত প্রাচীরের কান্নার ভাঁজ খুলে ঘোড়া
হয়েছি ঘোড়ার কেশরের ভেতর।
আমাদের ভেতর ভাব আর অহংকার পেশাজীবীদের মতো লুকিয়ে থাকে। মাটির স্তন্যপান করে
নেবার পর আকাশ হতে তারা খসিয়ে এনে লাড্ডুর মতো চিবোই।
সুপারির মতো খেয়ে ফেলি সেই ছায়া।
.png)
0 Comments