থমথমে
গন্ধক গিয়ে রাজার রক্ত ছুঁয়ে দেওয়ার পর দুয়োরানির মেয়ে দুটোর পায়ের কাছ-ঘেঁষে শুয়ে পড়ে জড়িমা; থমথমে ওই গাজা উপত্যকায় পানির ওপর এখন ঘুমিয়ে পড়া যায় ----কাত-হওয়া ছবি পরে ভাইরাস হয়ে ছোঁয় সর্ব-সংবেদ
শিশুদের হাতে কত অনায়াসে গুঁজে দেওয়া যায় মৃত্যু-লজেন্স, তাদের মাঠে কত সহজে বলের মতো ড্রপ খায় গোল-গোল বোমা
ইরাক থেকে শুরু হয়ে এক ক্রমান্বয় এখন আছে ফিলিস্তিনে ----ভালুকের মতো তুলতুল কোল নিয়ে চিনিবাবা তদারকে; হে মজলুম, জিহাদের সাথে রাখো বিশেষ জ্ঞানও; এত বড়ো কিতাব যদি আঁটতে পারে মাথায়, ফর্মুলাও আঁটবে
পড়ে-পড়ে আর মার খাবে কত; কাঁসার গ্লাসের মতো আর কতদিন তুলে রাখবে হুঁশ!
জগতে এক চূর্ণ-ব্যবসা নাম করেছে খুব ----বারুদ; লস নেই শুধু প্রফিট আর প্রফিট! আকাশের গায়ে কৃত্তিকা, স্বাতী, অশ্লেষা, রেবতী জ্বলে উঠার মতো মাটির গায়ে একে একে জ্বলে ওঠে বাজি ----সেই আলোতে ঘরপোড়া মানুষ দেখে নেয় তাদের পিতৃভূমি ছাড়ার পথ ----নেতাও একদা চলে গিয়েছিলেন ----তাঁর ফেরার প্রেরণাকে তাবিজ করে রাখো
ক্লেশ: সামসময়িক
নাগরী আমার ঘুমায় না, জেগেই থাকে; জেগে জেগে তার কতই যোগাসন, ইস্টম্যান স্বয়ং রং-করে দেয় ঘরের দেওয়াল; বাতি নিভে গেলে সেই প্রেক্ষাগারের ----আমি ঘুরি বাইরে পোস্টার দেখে
যাতনার আছে এক অক্ষপথ, পাক খায় সেও; সাথে সাথে পাক খায় কোকিল, শিমুল, বিচলিত; আমরা টের পাই ----ঘুরে ঘুরে সামনে চলে আসে তারিখ; আঙুরফল চিরকাল টক হয়ে থাকে, নাগাল-ফল হতে গেলে খোয়াবে সে জাত
নদী-পারের বস্তাভরা বিড়ালছানার মন বোঝ? বোঝ, বর্ডার পার হওয়া সংখ্যালঘুর মন? নদী ভেবে নিলে ঈষৎ বর্ডার বাড়ে বোধগম্যতা ----সেই বস্তায় ভরা বিড়ালছানার মতো নদী পার করেছ, আমার কী সাধ্য এই পাড়ে ফেরার!
রাশিয়ার ম্যাপের ধারে একটা ভালুক দেখি, ইউক্রেনের সিলের দিকে হাঁ-মেলে থাকে ----নকশার যারা বিশারদ, তারা বলে ওঠেন: বিকার ছিল ভৌগোলিক; গিলে নিয়ে করছে শ্রাগ!
শ্লথের বিষ
শ্লথের বিষ, হে, কূর্ম তবে অটল ----এই যখন তোমার ভঙ্গি ----একদিন তুমি হয়ে ওঠো আশ্রয়; খুব নির্দ্বিধায় তোমায় দেখানো যায় কালশিটে, পুঁজ; কোনো সংশয় ছাড়াই তোমার কাছে তুলে ধরা যায় ক্ষত, অন্যান্য; তোমার কোনো ভান নেই, ছলের শরণ নিতে কেউ দেখেনি কোনোদিন
রাতের লাটিম ঝিম ধরলে তোমার তরল হয়ে যায় আত্মা, চোখের তারায় নড়ে ওঠো বোতল-শরীর ----সেই রূপের ছাঁচে প্রবেশ করে আরেক শরীর; রগ থেকে বেরিয়ে সব রক্ত যেন শ্লথের বিষ পান করে ঢোকে পুন রগে
সরাইখানায় বসে থেকে এই কথাও মনে হয় ----তোমার পায়ের নিচে আমার বুক সামান্যই! ওই পায়ে ভর করে ছিন্নমস্তা-রূপ ----ভয় পেয়ে উঠে বসি; হলফ করে বলি: তোমার নামে এতদিন জমেছে যে বিষ, শ্লথের বিষের চেয়ে নয় কিছু কম

0 Comments