শুভ্র সরকারের কবিতা


প্রত্যাবর্তন

মৃত মানুষের হাতেও ছড়িয়ে আছে আয়ুরেখা
তুমি সেই পথ ধরে ফিরে আসো

ফিরে আসো
যেখানে বাড়ির দরজা জানে না
নিজেকে খুলে দিলে কেউ কেউ ঠিকানা হয়ে যায়
ঢেউ জানে না, ভেঙে যাবে জেনেও কেনও সে ফিরে যায় নদীতীর!
ভাঙা পাড়, মাতৃস্তনে শিশুর নখের আঁচড় বুকে নিয়ে
শুধু জানে—

তোমার ফিরে আসা, প্রিয়

অন্ধ লোকটার রঙ না জেনে
কুড়িয়ে নে’য়া ফুল


বিরহের কোনও ধর্মবিশ্বাস নেই


বি-গ্রেড সিনেমার পোস্টার থেকে, বাইরে লাফিয়ে পড়া নায়িকার বুকে হেলান দিয়ে নীতেশ বলে—দেয়ালে পিঠ ঠেকে যাওয়া সবসময় মন্দ নয় শুভ্র। দেয়ালও কেমন বুক হয়ে ওঠে! অথচ বুকের জন্য কত মুখের দিকে তাকিয়ে থাকি আমরা। অপমানে শুধু শুধু ছায়াটা বড় হয়ে যায়। মাতৃসদনের দেয়ালে লেখা—এখানে প্রসাব করা নিষেধ। প্রসাব কেটে, প্রসব লিখে আমরা ফিরে যাই। ফিরে যাই স-মিলে জন্ম নে’য়া গাছের ধর্মবিশ্বাসে।

যেখানে পাখি আর বন্দুকের মাঝখানে দাঁড়ানো ফড়িং আমরা, আজন্ম গুলিয়ে ফেলি শিকার ও শিকারীর পরিচয়।


Post a Comment

0 Comments